
বিজ্ঞান ডেস্ক: বাংলাদেশি রোগীদের জাপানে উন্নত চিকিৎসা গ্রহণের সুযোগ বাড়াতে চিকিৎসা পর্যটন ও আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা সহযোগিতা জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশ মেডিকেল ট্যুরিজম অ্যাসোসিয়েশন এবং জাপানের ইন্টারন্যাশনাল মেডিকেল কো-অর্ডিনেটর কোম্পানিজ অ্যাসোসিয়েশনের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে দুই দেশের স্বাস্থ্য খাতের বিভিন্ন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এই সমঝোতার মাধ্যমে জাপানে চিকিৎসা নিতে আগ্রহী বাংলাদেশি রোগীদের চিকিৎসাসংক্রান্ত যোগাযোগ ও সমন্বয় প্রক্রিয়া আরও সহজ হবে। পাশাপাশি জাপানের উন্নত হৃদরোগের চিকিৎসা, আধুনিক রোবোটিক চিকিৎসাপ্রযুক্তি এবং বিশেষায়িত স্বাস্থ্যসেবা সম্পর্কে বাংলাদেশি চিকিৎসাপ্রত্যাশী ও রোগীদের জানার সুযোগ উল্লেখযোগ্যভাবে বাড়বে।
অনুষ্ঠানে জাপানে হৃদরোগের চিকিৎসার অগ্রগতি ও আন্তর্জাতিক রোগীদের চিকিৎসাসেবা প্রদান নিয়ে বিশেষ সেমিনার ও অধিবেশন অনুষ্ঠিত হয়। জাপানি বিশেষজ্ঞরা আধুনিক চিকিৎসাপদ্ধতি এবং জটিল করোনারি ইন্টারভেনশনে তাদের দীর্ঘ অভিজ্ঞতা তুলে ধরেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, এই সমঝোতা দুই দেশের চিকিৎসাসেবায় পারস্পরিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।