
স্বাস্থ্য প্রতিবেদক: স্বাস্থ্য সেবা বিভাগের আওতাধীন বিসিএস স্বাস্থ্য ক্যাডার এবং স্বাস্থ্য সার্ভিসের ষষ্ঠ গ্রেড থেকে তৃতীয় গ্রেডভুক্ত পদসমূহে চলতি দায়িত্ব প্রদানের লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। গত ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে স্বাস্থ্য সেবা বিভাগের পার-১ শাখা থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। গঠিত এই কমিটির মাধ্যমে শূন্য পদে চলতি ও অতিরিক্ত দায়িত্ব প্রদান নীতিমালা ২০২৩ অনুযায়ী চিকিৎসকদের আবেদন যাচাই-বাছাইপূর্বক সুপারিশ প্রদান করা হবে।
স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব বা সচিবের নেতৃত্বে গঠিত এই কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন), জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব, অর্থ বিভাগের যুগ্মসচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্মসচিব (পারসোনেল) সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে যে, স্বাস্থ্য সেবা বিভাগের অধীন বিভিন্ন দপ্তর, সংস্থায় শূন্য পদে চলতি ও অতিরিক্ত দায়িত্ব প্রদানের ক্ষেত্রে এই কমিটি স্বচ্ছতা ও নিয়মতান্ত্রিক উপায়ে কার্যক্রম পরিচালনা করবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই আদেশ অবিলম্বে কার্যকর করা হয়েছে এবং সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য অনুলিপি প্রেরণ করা হয়েছে।