
উপজেলা প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। পরিদর্শনের সময় দীর্ঘদিনের অনুপস্থিতির দায়ে পাঁচ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।
হাসপাতাল সূত্রে জানা যায়, ৫১ জন চিকিৎসকের মধ্যে ১২ জনকে অনুপস্থিত পাওয়া যায়। যার মধ্যে সাতজন অন্যত্র সংযুক্তিতে ছিলেন। মন্ত্রী এই সাত চিকিৎসককে নিজ কর্মস্থলে ফিরিয়ে আনার ঘোষণা দেন এবং আগামী ১ নভেম্বর যোগদান করতে যাওয়া নতুন চিকিৎসকদের মধ্য থেকে এই হাসপাতালে চিকিৎসক পদায়নের কথা জানান।
পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করলেও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। এছাড়া হাসপাতালটিকে ১৫১ শয্যায় উন্নীত করা এবং ১০টি ডায়ালাইসিস মেশিন, প্রসূতি ও নবজাতকদের জন্য পৃথক ওয়ার্ড চালুর আধুনিক পরিকল্পনা তুলে ধরেন তিনি।