
নিজস্ব প্রতিবেদক: খুলনায় দিনব্যাপী বিভাগীয় হোমিওপ্যাথিক চিকিৎসক সম্মেলন ও বিজ্ঞান সেমিনারে বক্তারা চিকিৎসা পদ্ধতিকে আরও বেশি তথ্যনির্ভর, প্রাতিষ্ঠানিক ও বস্তুনিষ্ঠ করে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন। ন্যাশনাল হোমিওপ্যাথিক ডক্টরস ফোরাম খুলনা বিভাগের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে চিকিৎসকদের ঐক্যবদ্ধ হয়ে সেবার মান বাড়ানোর আহ্বান জানানো হয়।
সম্মেলনে বক্তারা বলেন, আধুনিক যুগে শুধু চিরাচরিত উপায়ে চিকিৎসা দিলে চলবে না, বরং চিকিৎসা বিজ্ঞানের আধুনিক অগ্রগতির সাথে অভিজ্ঞতার সমন্বয় ঘটাতে হবে। অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় চিকিৎসাবিদ ও বিশেষজ্ঞরা গবেষণাধর্মী প্রবন্ধ উপস্থাপন করেন এবং ক্যান্সার ও হৃদরোগের মতো জটিল চিকিৎসায় হোমিওপ্যাথির বিজ্ঞানসম্মত ব্যবহার নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে বক্তারা ১৪ দফা দাবি উত্থাপন করেন। এর মধ্যে হোমিওপ্যাথি চিকিৎসাকে জাতীয় বাজেটের আওতায় আনা, শিক্ষা কাউন্সিলে অভিজ্ঞ লোক নিয়োগ, শিক্ষকদের বকেয়া বেতন পরিশোধ এবং ইন্টার্ন চিকিৎসকদের ভাতা প্রদানের দাবি জানানো হয়।
সেমিনার শেষে সমাপনী অধিবেশনে নবগঠিত ২২ সদস্য বিশিষ্ট খুলনা বিভাগীয় কমিটির নাম ঘোষণা করা হয়। অধ্যক্ষ ডাঃ মোঃ আব্দুল বারিককে সভাপতি এবং ডাঃ জাকিরুল ইসলামকে সেক্রেটারি করে এই নতুন কমিটি গঠন করা হয়।