
বিজ্ঞান ডেস্ক: ক্যান্সার রোগী ও তাদের পরিবারের পাশে দাঁড়াতে সীতাকুণ্ডে অনুষ্ঠিত হয়েছে মানসিক স্বাস্থ্যসেবা ও সচেতনতামূলক বিশেষ অনুষ্ঠান। দক্ষিণ রহমত নগরে আয়োজিত দিনব্যাপী এই কর্মসূচিতে রোগীদের জন্য মানসিক স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা রাখা হয়।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ডিজিটাল হেলথকেয়ার প্ল্যাটফর্ম সুখী ও সমাজ কল্যাণ সংস্থার মধ্যে সংযোজনী চুক্তি স্বাক্ষর। এই চুক্তির মাধ্যমে ক্যান্সার রোগী ও তাদের পরিবারের কাছে ডিজিটাল স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার সহযোগিতা আরও সুসংহত করা হয়।
দিনব্যাপী ক্যাম্পে অনলাইনে অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে রোগীদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ দেওয়া হয়। এ সময় ক্যান্সার সেবা ডিজিটাল সম্প্রসারণ ও মানসিক স্বাস্থ্যসেবার গুরুত্ব নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, ক্যান্সার রোগীর চিকিৎসার পাশাপাশি তাদের মানসিক সুস্থতা ও পরিবারের মানসিক শক্তি বজায় রাখা সমানভাবে গুরুত্বপূর্ণ। স্থানীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও চিকিৎসকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।