
স্বাস্থ্য প্রতিবেদক: খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর বিভিন্ন হাসপাতাল ও মেডিকেল ক্যাম্পসমূহ পরিদর্শন করেছেন। ডেঙ্গু পরিস্থিতি পর্যবেক্ষণ এবং চিকিৎসাধীন রোগীদের খোঁজ-খবর নিতে তিনি এই পরিদর্শন পরিচালনা করেন।
পরিদর্শনকালে তিনি ২৫০ শয্যা বিশিষ্ট খুলনা জেনারেল হাসপাতালসহ বিভিন্ন ওয়ার্ডে স্থাপিত ফ্রি মেডিকেল ক্যাম্পের কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা, জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তাসহ সংশ্লিষ্ট চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।
প্রশাসক জানান, মহানগরীতে বর্তমানে ডেঙ্গু সংক্রমণের হার প্রায় ৯০ শতাংশ হ্রাস পেয়েছে। তবে কিছু অঞ্চলে সংক্রমণ কিছুটা বেশি থাকায় সেখানে পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণ কাজের পরিধি আরও বৃদ্ধি করার নির্দেশ দেওয়া হয়েছে।
আগামী এক মাসের মধ্যে খুলনাকে সম্পূর্ণ ডেঙ্গুমুক্ত ঘোষণা করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ডেঙ্গু সংক্রমণ মোকাবেলায় সিটি কর্পোরেশনের বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণ কার্যক্রম অব্যাহত রয়েছে।