
মেডিকেল প্রতিবেদক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের ২১ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একটি পূর্ণাঙ্গ ক্যান্সার ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রস্তাব করা হয়েছে। সোমবার ‘টুগেদার ফর বেটার ক্যান্সার কেয়ার, এডুকেশন অ্যান্ড রিসার্চ’ প্রতিপাদ্য সামনে রেখে এই প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়।
অনুষ্ঠানে বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মো. আকরাম হোসেন বলেন, ক্যান্সার চিকিৎসা, উচ্চতর শিক্ষা ও গবেষণাকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে সব অনুষঙ্গ এক করে ইনস্টিটিউট গড়া জরুরি। এতে রোগীদের বহুমাত্রিক চিকিৎসাসেবা নিশ্চিত হওয়ার পাশাপাশি আধুনিক গবেষণা এবং ক্লিনিক্যাল ট্রায়াল পরিচালনার সুযোগ বাড়বে।
উল্লেখ্য, ২০০৫ সালের ১৯ অক্টোবর বিভাগটি প্রতিষ্ঠার পর থেকে চিকিৎসা ও বিশেষজ্ঞ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বর্তমানে এখানে রেডিওথেরাপি ও কেমোথেরাপিসহ বিভিন্ন আধুনিক পদ্ধতিতে সেবা দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে শিক্ষক, চিকিৎসক ও রেসিডেন্টরা উপস্থিত ছিলেন। বক্তারা দেশের ক্যান্সার খাতের উন্নয়নে সবার সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।