
স্বাস্থ্য প্রতিবেদক: সারাদেশে রোগী পরিবহনের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে একটি সমন্বিত অ্যাম্বুলেন্স পুল গঠনের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। আগামী অর্থবছরের মধ্যেই এই অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সম্প্রতি কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী জানান, উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার মান ও সক্ষমতা বাড়াতে হাসপাতালের শয্যাসংখ্যা বৃদ্ধির পাশাপাশি চিকিৎসা সুযোগ-সুবিধা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। প্রস্তাবিত ১৫১ শয্যার প্রতিটি হাসপাতালে ১০টি ডায়ালাইসিস বেড, প্রসূতি নারীদের জন্য ২০ শয্যার আলাদা ওয়ার্ড এবং শিশুদের জন্য ২০টি বেড রাখার পরিকল্পনা করা হয়েছে। পাশাপাশি নারী ও পুরুষ উভয়ের জন্য ফিজিওথেরাপি সেবা এবং ব্রেস্টফিডিং সেন্টারও রাখা হবে।
পরিদর্শনকালে মন্ত্রী মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তবে কিছু অনিয়ম ও ত্রুটি পাওয়ায় তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তা দ্রুত সমাধানের নির্দেশ দেন। স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বর্তমান সরকার উপজেলা স্তরের চিকিৎসাব্যবস্থার আধুনিকায়নে নানা পদক্ষেপ বাস্তবায়ন করছে বলে জানান তিনি।