
স্বাস্থ্য প্রতিবেদক: সরকারি সুযোগ-সুবিধা প্রাপ্তির জন্য প্রয়োজনীয় মেডিকেল সনদ সংগ্রহ করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন তৃতীয় লিঙ্গের মানুষ। সনদ পাওয়ার ক্ষেত্রে দীর্ঘ ও ব্যয়বহুল প্যাথলজিক্যাল টেস্টের বাধ্যবাধকতা থাকায় অনেকেই এই প্রক্রিয়া থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন।
ভুক্তভোগী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, সিভিল সার্জন অফিসে আবেদনের পর তাদের ওপর একাধিক পরীক্ষার শর্ত জুড়ে দেওয়া হয়। এর মধ্যে বেশিরভাগ টেস্ট রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সম্পন্ন করতে হয়, যা দরিদ্র জনগোষ্ঠীর জন্য অত্যন্ত ব্যয়বহুল। এছাড়া পরীক্ষার বিভিন্ন ধাপে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সামনে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয় বলে অভিযোগ রয়েছে।
যথাযথ সনদের অভাবে এই জনগোষ্ঠী সরকারি ভাতা, আশ্রয়ণ প্রকল্প, ভিজিটি, ওএমএস এবং শিক্ষা ও চাকরির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। হাতে গোনা কয়েকজন ছাড়া অধিকাংশের পক্ষেই ঢাকায় যাতায়াত ও ব্যয়বহুল পরীক্ষাগুলো করানো সম্ভব হয় না।
স্বাস্থ্য বিভাগের মতে, তৃতীয় লিঙ্গের স্বীকৃতি ও সনদ প্রদানের জন্য কিছু স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজনীয়তা রয়েছে। তবে প্রক্রিয়াটিকে আরও সহজ ও মানবিক করার দাবি জানিয়েছেন হিজড়া সম্প্রদায় ও তাদের নিয়ে কাজ করা বিভিন্ন সামাজিক সংগঠন।