
মেডিকেল প্রতিবেদক: প্লাস্টিক দূষণ প্রতিরোধ ও পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনা জোরদারের লক্ষ্যে সিরাজগঞ্জে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা ও পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এই সভা অনুষ্ঠিত হয় এবং পরবর্তীতে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ প্রাঙ্গণে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় ৮৭৫ কেজি একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করা হয়। পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে এবং আন্তর্জাতিক সংস্থার সহযোগিতায় এই কর্মসূচি বাস্তবায়িত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডেপুটি সিভিল সার্জন ডা. তাসলিমা জান্নাত, সিরাজগঞ্জ মেডিকেল কলেজের সহকারী পরিচালক ডা. মো. সাজ্জাদ কবির এবং সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শিমুল তালুকদার অংশ নেন। বক্তারা স্বাস্থ্যসেবাসহ সব ক্ষেত্রে টেকসই প্লাস্টিক ও চিকিৎসাবর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানে বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করতে ‘থ্রি-আর’ নীতি অনুসরণের আহ্বান জানানো হয়। সভা শেষে অতিথিদের উপস্থিতিতে মেডিকেল কলেজ প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়, যেখানে শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক ও স্থানীয় লোকজন স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। আয়োজকদের প্রত্যাশা, এই উদ্যোগের ফলে স্থানীয় পর্যায়ে পরিবেশ সুরক্ষা এবং দায়িত্বশীল বর্জ্য ব্যবস্থাপনার চর্চা আরও সুদৃঢ় হবে।