
বিজ্ঞান ডেস্ক: দেশে প্রায় ৬০ লাখ মানুষ নীরব রোগ অস্টিওপোরোসিসে আক্রান্ত বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতাল ভবনে বিশ্ব অস্টিওপোরোসিস দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে এ তথ্য জানানো হয়। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এই বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করে।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে জানানো হয়, অস্টিওপোরোসিস ধীরে ধীরে হাড়কে দুর্বল ও ভঙ্গুর করে তোলে। গবেষণায় দেখা গেছে, বয়স্ক নারীদের মধ্যে এই রোগের প্রাদুর্ভাব অত্যন্ত বেশি। প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ ও চিকিৎসাসেবা প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়ার ওপর বিশেষ জোর দেওয়া হয়।
রোগটির বিস্তার রোধে একটি পৃথক অস্টিওপোরোসিস সোসাইটি গঠনের প্রস্তাব দেওয়া হয়। এই সংগঠনের মাধ্যমে দেশের ৬৪ জেলায় সমন্বিত সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করা সম্ভব হবে। এছাড়া প্রতিবছর অস্টিওপোরোসিস সচেতনতা মাস পালনেরও পরামর্শ দেওয়া হয়।
হাড়ের সুস্থতা রক্ষায় শৈশব থেকেই পুষ্টি ও সচেতনতা বাড়ানোর আহ্বান জানান বক্তারা। নিয়মিত স্ক্রিনিং ক্যাম্প পরিচালনা এবং চিকিৎসকদের জন্য আধুনিক রোগ নির্ণয় পদ্ধতি নিয়ে সেমিনার আয়োজনের মাধ্যমে অস্টিওপোরোসিসের ঝুঁকি উল্লেখযোগ্য হারে কমানো সম্ভব বলে মত দেন তারা।