
নিজস্ব প্রতিবেদক: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানেসথেসিয়া বিভাগের জুনিয়র কনসালট্যান্ট ও আইসিইউ বিশেষজ্ঞ ডা. সোহেল আহমেদ সরকার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মঙ্গলবার সকাল ১০টার দিকে সিলেট ওসমানী হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে এই চিকিৎসকের বয়স হয়েছিল আনুমানিক ৪১ বছর।
তিনি কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী এবং সিলেটের একজন পরিচিত অ্যানেসথেসিওলজিস্ট ও আইসিইউ বিশেষজ্ঞ ছিলেন। এছাড়া তিনি বাংলাদেশ সোসাইটি অব অ্যানেসথেসিওলজিস্টস, ক্রিটিকেল কেয়ার অ্যান্ড পেইন ফিজিশিয়ানসের সিলেট শাখার আজীবন সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
তার এই আকস্মিক মৃত্যুতে চিকিৎসকমহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।