
মেডিকেল প্রতিবেদক: বরিশাল বিভাগে প্রতিবছর চোখে ছানি পড়ছে প্রায় ৩০ হাজার মানুষের। অথচ শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়া বিভাগের অন্য কোনো সরকারি প্রতিষ্ঠানে চক্ষু বিশেষজ্ঞ নেই। ফলে বিপুল সংখ্যক জনগোষ্ঠীকে চোখের চিকিৎসাসেবার জন্য এই হাসপাতালের ওপরই ভরসা করতে হচ্ছে।
হাসপাতালটিতে সরেজমিনে দেখা গেছে, দূরদূরান্ত থেকে আসা রোগীদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে চিকিৎসাসেবা নিতে হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চক্ষু বিশেষজ্ঞ না থাকায় পটুয়াখালীসহ বিভিন্ন জেলার রোগীদের অতিরিক্ত খরচ ও ভোগান্তি নিয়ে বরিশালে আসতে হচ্ছে।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বরিশাল বিভাগের প্রায় এক কোটি মানুষের চোখের চিকিৎসায় সরকারি পর্যায়ে কেবল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালই একমাত্র ভরসা। চিকিৎসক সংকটের কারণে রোগীরা বাধ্য হয়ে অনেক সময় বেসরকারি প্রতিষ্ঠানের দিকে ঝুঁকছেন।
বিশেষজ্ঞ চিকিৎসকরা মনে করেন, প্রান্তিক পর্যায়ে বিশেষ করে উপজেলা হাসপাতালগুলোতে চক্ষু বিশেষজ্ঞের পদায়ন না থাকায় সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। ২০৩০ সালের মধ্যে এই বিভাগকে ছানিমুক্ত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি সংস্থাও কাজ করছে।