
উপজেলা প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ৪৮টি কমিউনিটি ক্লিনিকের বেহাল দশার কারণে প্রায় পাঁচ লাখ মানুষ কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। দীর্ঘদিন ধরে তদারকি ও সংস্কারের অভাবে উপজেলাটির ১২টি ইউনিয়নের এই প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো চরম অব্যবস্থাপনার শিকার হয়েছে। গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার এই উদ্যোগটি বর্তমানে নানা সংকটে মুখ থুবড়ে পড়েছে।
সরেজমিনে দেখা যায়, অধিকাংশ ক্লিনিকের ছাদ ও দেওয়ালের প্লাস্টার খসে পড়ছে এবং বৃষ্টি হলে ছাদ চুইয়ে পানি পড়ে। অনেক ভবনের দরজা-জানালা ভেঙে গেছে এবং বিদ্যুৎ সংযোগ ও শৌচাগারের ব্যবস্থা না থাকায় রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বসার জায়গার অভাবে গর্ভবতী নারী ও অসুস্থ রোগীদের দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। এছাড়া জরাজীর্ণ ও স্যাঁতসেঁতে পরিবেশে সরকারি ওষুধ সংরক্ষণ করায় নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রয়োজনীয় ডাক্তার ও পর্যাপ্ত ওষুধের সংকটের কারণে তারা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না। গ্যাস্ট্রিক ও প্যারাসিটামলের মতো সাধারণ ওষুধ ছাড়া বেশিরভাগ সময়ই প্রয়োজনীয় ওষুধ সরবরাহ থাকে না বলে অভিযোগ করেন রোগীরা। জীবনের ঝুঁকি নিয়ে জরাজীর্ণ ভবনে সেবা নিতে আসা সাধারণ মানুষ দ্রুত এসব ক্লিনিক সংস্কার ও জনবল সংকট সমাধানের দাবি জানিয়েছেন।