
স্বাস্থ্য প্রতিবেদক: দেশজুড়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং রাজধানীর পাশাপাশি গ্রামাঞ্চলেও এর বিস্তার মারাত্মক আকার ধারণ করেছে। কীটতত্ত্ববিদ ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এডিস মশার কার্যকর নিয়ন্ত্রণ নিশ্চিত করা না গেলে ডেঙ্গু পরিস্থিতি কোনোভাবেই পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়।
ডেঙ্গু রোগীর অতিরিক্ত চাপের কারণে সরকারি ও বেসরকারি হাসপাতালের চিকিৎসাসেবা এবং অপারেশন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। আইসিইউর সিংহভাগ বেড ডেঙ্গু রোগীদের দখলে চলে যাওয়ায় অন্যান্য জটিল রোগীদের জরুরি অস্ত্রোপচার করা সম্ভব হচ্ছে না বলে চিকিৎসকরা জানিয়েছেন।
মহাখালীর জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের কীটতত্ত্ববিদ অধ্যাপক ড. গোলাম ছারওয়ার দেশব্যাপী জোরদার মশক নিধন ক্রাশ প্রোগ্রাম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেছেন। পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাতচন্দ্র বিশ্বাস ডেঙ্গু ও হাম নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কার্যক্রম পরিচালনার কথা জানান।