
স্বাস্থ্য প্রতিবেদক: সারাদেশে চলমান ডেঙ্গুর প্রকোপ রোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সার্বিক শৃঙ্খলা নিশ্চিত করতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে জরুরি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। শ্রেণিকক্ষ, বারান্দা, ছাদ ও শৌচাগার নিয়মিত পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে বিশেষ তাগিদ দেওয়া হয়েছে।
অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক মো. নাজমুল হক স্বাক্ষরিত এই নির্দেশনাটি দেশের সব আঞ্চলিক পরিচালক, সরকারি ও বেসরকারি কলেজের অধ্যক্ষ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং জেলা-উপজেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের সরাসরি সম্পৃক্ত করে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানে মশার প্রজননস্থল ধ্বংস করতে নিয়মিত নজরদারি রাখতে হবে। জমে থাকা পানি দ্রুত অপসারণ করে স্বাস্থ্যসম্মত পরিবেশ ও প্রশাসনিক প্রস্তুতি নিশ্চিত করতে প্রতিষ্ঠান প্রধানদের অনুরোধ জানানো হয়েছে। বিষয়টিকে অতীব জরুরি হিসেবে বিবেচনা করে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নিতে বলা হয়েছে।