
জেলা প্রতিনিধি: যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রায় চল্লিশ লাখ টাকার চিকিৎসাসামগ্রী বিতরণ করা হয়েছে। স্থানীয় সার্কিট হাউজের মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এই চিকিৎসাসামগ্রী হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জনের হাতে তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত ও সিভিল সার্জন মাসুদ রানা। হিউম্যান এ্যাপিল ইউএসএর সহযোগিতায় এই জরুরি চিকিৎসাসামগ্রী প্রদান করা হয়।
বিতরণকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ব্যথার ইনজেকশন, বয়স্কদের প্যাম্পাস, গ্লাভস, ক্যানোলা, চিকিৎসকদের পোশাক এবং অস্ত্রোপচারের কাজে ব্যবহৃত নানা প্রয়োজনীয় সামগ্রী। হাসপাতালে ভর্তি রোগীরা যেন এই চিকিৎসাসামগ্রী সম্পূর্ণ বিনামূল্যে পান, সে বিষয়ে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের কঠোর দিকনির্দেশনা দিয়েছেন প্রতিমন্ত্রী।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আড়াই শ শয্যার এই প্রতিষ্ঠানে বর্তমানে ৫০০ শয্যার সমান চাপ সামলে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। বিপুল পরিমাণ জনবল ও সামগ্রী সংকটের মধ্যেও চিকিৎসকরা সেবা অব্যাহত রেখেছেন। এই নতুন চিকিৎসাসামগ্রী পাওয়ার ফলে সাধারণ রোগীদের ভোগান্তি অনেকাংশে হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে।