
বিজ্ঞান ডেস্ক: শরীরে প্রতিস্থাপনযোগ্য একটি ছোট্ট তারবিহীন যন্ত্র তৈরির কাজ করছেন গবেষকেরা, যা রক্তে শর্করার মাত্রা নির্ধারিত সীমা ছাড়িয়ে গেলে সক্রিয় হয়ে অতিরিক্ত গ্লুকোজ অপসারণ করবে। সুইজারল্যান্ডের ইটিএইচ জুরিখে গবেষণারত বাঙালি বিজ্ঞানী দেবাশিস মাইতি ও তার সহকর্মীদের এই উদ্ভাবন ভবিষ্যতে ডায়াবেটিস চিকিৎসায় এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে বলে মনে করা হচ্ছে।
ইঁদুরের ওপর চালানো পরীক্ষামূলক প্রয়োগে ইতিবাচক ফল পাওয়া গেছে বলে জানিয়েছেন গবেষকেরা। পরীক্ষায় দেখা গেছে, যন্ত্রটি মাত্র ৯০ মিনিটের মধ্যে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। এছাড়া দীর্ঘ ছয় সপ্তাহ এই প্রযুক্তি ব্যবহারের ফলে ইঁদুরের শরীরের অতিরিক্ত ওজন কমার পাশাপাশি ট্রাইগ্লিসারাইডের মাত্রাও স্বাভাবিক পর্যায়ে ফিরে এসেছে।
প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, যন্ত্রটি ত্বকের নিচে প্রতিস্থাপন করা হবে এবং এটি স্মার্টফোনের গ্লুকোজ পর্যবেক্ষণব্যবস্থার সঙ্গে যুক্ত থাকবে। শর্করার মাত্রা নির্দিষ্ট সীমা অতিক্রম করলেই এটি স্বয়ংক্রিয়ভাবে কাজ শুরু করবে এবং মাত্রা কমে গেলে নিজে থেকেই বন্ধ হয়ে যাবে। তবে প্রযুক্তিটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে থাকায় মানুষের শরীরে এর কার্যকারিতা ও নিরাপত্তা প্রমাণের জন্য আরও দীর্ঘমেয়াদি গবেষণা প্রয়োজন।