
স্বাস্থ্য প্রতিবেদক: ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে মুন্সিগঞ্জে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলামের নেতৃত্বে এই কর্মসূচি পরিচালিত হয়। এ সময় স্থানীয় বিএনপি ও ড্যাবের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
লিফলেট বিতরণের সময় সাধারণ মানুষকে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, বাড়িঘর ও আশপাশ পরিষ্কার রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে সচেতন করা হয়। সাংবাদিকদের সাথে আলাপকালে ডা. রফিকুল ইসলাম জানান, স্বাস্থ্য খাতে রোগ প্রতিরোধকে গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে এবং ডেঙ্গুর বিস্তার রোধে জনসচেতনতা বাড়াতে দেশব্যাপী লিফলেট বিতরণ করা হচ্ছে।
তিনি আরও উল্লেখ করেন যে, এবার পর্যাপ্ত স্যালাইন মজুত রয়েছে এবং সরকারি ব্যবস্থাপনায় বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাস্থ্য খাতের জনবল সংকট দূর করতে ৫ হাজার চিকিৎসক ও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা চলমান রয়েছে বলে জানান তিনি।
ডেঙ্গু মোকাবিলায় সরকারের পাশাপাশি নতুন প্রজন্মসহ সাধারণ মানুষের অংশগ্রহণ জরুরি বলে মন্তব্য করেন ডা. রফিকুল ইসলাম। এডিস মশার বংশবিস্তার রোধ এবং জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি কমানোর আহ্বান জানান তিনি।