
স্বাস্থ্য প্রতিবেদক: ক্যানসার, কিডনি রোগ, লিভার সিরোসিসসহ সাতটি জটিল ও দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত অসহায় রোগীদের এককালীন এক লাখ টাকা করে চিকিৎসা সহায়তা দেয়ার উদ্যোগ নিয়েছে সরকার। সম্প্রতি সমাজসেবা অধিদপ্তরের ওয়েবসাইটে ‘ক্যানসার, কিডনি রোগ, লিভার সিরোসিস, প্যারালাইসিস, হৃদ্রোগ, লিউকেমিয়া এবং থ্যালাসেমিয়া আক্রান্ত ব্যক্তিদের আর্থিক সহায়তা কার্যক্রম বাস্তবায়ন নীতিমালা, ২০২৬’ চূড়ান্ত করা হয়েছে। দরিদ্র ও অসচ্ছল রোগীদের ব্যয়বহুল চিকিৎসার বোঝা কমাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদফতর পরিচালিত সামাজিক নিরাপত্তা বলয়ের আওতায় এই সহায়তা দেয়া হবে। ক্যানসার, ক্রনিক কিডনি ডিজিজ, লিভার সিরোসিস, স্ট্রোক বা দুর্ঘটনাজনিত প্যারালাইসিস, জটিল হৃদ্রোগ, লিউকেমিয়া এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীরা এই সহায়তার জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং দরিদ্র ও আর্থিকভাবে অসচ্ছল পরিবারগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।
নীতিমালা অনুযায়ী, একজন রোগী একই অর্থবছরে একবার এবং পুরো জীবনে সর্বোচ্চ তিনবার এই আর্থিক সহায়তা পেতে পারেন। আবেদন করার জন্য জাতীয় পরিচয়পত্র, বিশেষজ্ঞ চিকিৎসকের সিল ও স্বাক্ষরসহ হালনাগাদ ব্যবস্থাপত্র, প্রয়োজনীয় টেস্ট রিপোর্ট এবং ব্যাংক হিসাবের বিবরণী প্রয়োজন হবে। অনলাইনে ফরম পূরণের পর প্রয়োজনীয় কাগজপত্রের প্রিন্ট কপি সংশ্লিষ্ট উপজেলা বা হাসপাতাল সমাজসেবা কার্যালয়ে জমা দিতে হবে।