
উপজেলা প্রতিনিধি: রাজবাড়ীর কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে গিয়ে ভুল রক্ত পরীক্ষার রিপোর্টের শিকার হয়েছেন সাফিয়া খাতুন নামের এক অন্তঃসত্ত্বা নারী। তাঁর রক্তের গ্রুপ ‘ও পজিটিভ’ হলেও সরকারি হাসপাতাল থেকে দেওয়া রিপোর্টে ‘এ পজিটিভ’ দেখানো হয়। পরে বেসরকারি দুটি ডায়াগনস্টিক ক্লিনিকে পরীক্ষা করিয়ে সঠিক গ্রুপ নিশ্চিত করে ভুক্তভোগী পরিবার। চিকিৎসকদের মতে, ভুল রিপোর্টের ভিত্তিতে রক্ত দেওয়া হলে মা ও সন্তানের জীবন বিপন্ন হতে পারত।
এ বিষয়ে হাসপাতালের ল্যাব অ্যাটেন্ডেন্ট অতিরিক্ত রোগীর চাপ ও জনবল সংকটকে দায়ী করেছেন। তবে ঘটনা সম্পর্কে জানতে চাইলে কালুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান উম্মন হেসে হেসে বিষয়টিকে ‘স্বাভাবিক’ বলে এড়িয়ে যান। একজন দায়িত্বশীল কর্মকর্তার মুখে এমন দায়িত্বজ্ঞানহীন ও হাস্যোজ্জ্বল মন্তব্য স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি করেছে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সচেতন মহল এই ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন। একই সঙ্গে দায়ী ল্যাব কর্মী এবং বিতর্কিত মন্তব্যকারী স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে কঠোর বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন তারা। কালুখালী সরকারি হাসপাতালে চিকিৎসা সেবায় অবহেলা রোধে অবিলম্বে প্রশাসনিক নজরদারি জোরদারের দাবি জানিয়েছে স্থানীয়বাসী।