
উপজেলা প্রতিনিধি: তদারকির অভাব, চিকিৎসক ও তীব্র জনবলসংকটে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা উপ-স্বাস্থ্যকেন্দ্রটির সেবা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে সরকারি এই চিকিৎসাকেন্দ্রের পরিবেশ বেহাল হয়ে পড়েছে। চারপাশের ঝোপঝাড় ও ময়লা-আবর্জনার কারণে এটি এখন নিজেই অসুস্থ হয়ে পড়ার উপক্রম হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, পর্যাপ্ত জনবল না থাকায় কেন্দ্রটিতে নিয়মিত চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হচ্ছে না। সপ্তাহে মাত্র এক-দুই দিন অল্প সময়ের জন্য কিছু ওষুধ বিতরণ করা হয়। বারান্দায় খড়ের স্তূপ ও বিভিন্ন যানবাহন রাখা এবং ভেতরে পোকামাকড়ের উপদ্রব থাকায় সাধারণ রোগীরা চরম দুর্পোহাগের শিকার হচ্ছেন।
স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হয়ে প্রতিদিন মানুষকে খালি হাতে ফিরে যেতে হচ্ছে। স্বাস্থ্যকেন্দ্রটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জনবলসংকট ও পরিচ্ছন্নতাকর্মীর অভাবের কথা স্বীকার করেছেন। দ্রুত প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং তদারকি বাড়িয়ে গ্রামীণ মানুষের প্রাথমিক চিকিৎসাসেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।