
বিজ্ঞান ডেস্ক: দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য স্বল্পমূল্যে সর্বাধুনিক প্রযুক্তির চিকিৎসাসেবা নিশ্চিত করতে বড় উদ্যোগ নিয়েছে সরকার। টাঙ্গাইল, সুনামগঞ্জ, নোয়াখালী, পটুয়াখালী ও কিশোরগঞ্জ—এই পাঁচ জেলায় আন্তর্জাতিক মানসম্পন্ন পাঁচটি নিউক্লিয়ার মেডিসিন সেন্টার স্থাপন করা হবে। এসব কেন্দ্রে থাইরয়েড, কিডনি, লিভার, হৃদরোগ ও বিভিন্ন ক্যানসারের মতো জটিল রোগের আধুনিক চিকিৎসা দেওয়া হবে।
এই উদ্যোগ বাস্তবায়নের জন্য ‘মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেস নির্মাণ’ শীর্ষক একটি নতুন প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৫৩৫ কোটি ৫৪ লাখ টাকা। আগামী রবিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে প্রকল্পটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, অনুমোদন পেলে ২০৩০ সালের জুনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন। এই প্রকল্প বাস্তবায়িত হলে দেশের সাধারণ ও সুবিধাবঞ্চিত মানুষ খুব সহজেই সাশ্রয়ী মূল্যে উন্নত নিউক্লিয়ার চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন, যা দেশের সার্বিক স্বাস্থ্য খাতের উন্নয়নে বড় ভূমিকা রাখবে।