
উপজেলা প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও জনবল সংকটের কারণে দুই লক্ষাধিক মানুষের চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ৫০ শয্যাবিশিষ্ট এই হাসপাতালের অনুমোদিত ১৯৪টি পদের মধ্যে দীর্ঘদিন ধরে ১০০টি পদই শূন্য রয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব এবং প্রয়োজনীয় ওষুধের সংকটে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, শূন্য পদের মধ্যে চিকিৎসকের পদ রয়েছে ৩০টি। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে শত শত রোগী চিকিৎসা নিতে এলেও বর্তমানে মাত্র তিনজন চিকিৎসক দিয়ে কার্যক্রম চালাতে হচ্ছে। ফলে একজন চিকিৎসককে প্রতিদিন গড়ে প্রায় ২০০ রোগীর সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। জনবল ও অ্যানেসথেসিস্টের অভাবে অপারেশন থিয়েটার এবং এক্সরে মেশিন দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানিয়েছেন, চিকিৎসক সংকটের পাশাপাশি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের ওষুধ সরবরাহ না থাকায় রোগীদের সেবা দেওয়া কঠিন হয়ে পড়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানানো হয়েছে। দ্রুত এই সংকট নিরসন করে হাসপাতালে স্বাভাবিক চিকিৎসাসেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।