
স্টাফ রিপোর্টার: চিকিৎসা সরঞ্জামের সংকট সমাধান ও নিরাপত্তা নিশ্চিত করাসহ পাঁচ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ২৪ ঘণ্টার কর্মবিরতি শুরু করেছেন ইন্টার্ন চিকিৎসকেরা। বুধবার সকাল আটটা থেকে শুরু হওয়া এই কর্মবিরতির কারণে হাসপাতালের চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে দূরদূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগী ও তাদের স্বজনরা চরম ভোগান্তিতে পড়েছেন।
আন্দোলনকারী ইন্টার্ন চিকিৎসকদের অভিযোগ, হাসপাতালের ভর্তি ওয়ার্ডগুলোতে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট রয়েছে। পাশাপাশি রোগীর স্বজনদের অবাধ প্রবেশ এবং দায়িত্ব পালনে আনসার সদস্যদের অবহেলার কারণে তাঁদের প্রায়ই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। এমনকি সংঘবদ্ধভাবে হুমকিও দেওয়া হচ্ছে বলে তাঁরা জানান। এছাড়া অবজারভেশন রুম ও ক্যাজুয়ালটি বিভাগ চালু না থাকায় ওয়ার্ডগুলোতে রোগীর চাপ অতিরিক্ত বৃদ্ধি পাচ্ছে।
ইন্টার্ন চিকিৎসকদের দাবি, এসব সমস্যা সমাধানে হাসপাতাল কর্তৃপক্ষ এর আগে একাধিকবার আশ্বাস দিলেও কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। বাধ্য হয়েই তাঁরা এই কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতি ডা. এস এম তপু জানিয়েছেন, বুধবার দুপুরে সংবাদ সম্মেলন করে তাঁদের দাবিগুলো এবং পরবর্তী কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানানো হবে।